সংবাদ প্রতিবেদন
চট্টগ্রামে একটি সভায় অংশ নিয়ে পিটুনি খেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত চট্টগ্রামের সমন্বয়করা।
এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সোমবার ২০শে জানুয়ারি দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে “ঘটনা প্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দিতে গিয়েছিলেন রাফি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে রাফির সাথে বাদানুবাদ ও হাতাহাতির একটি ভিডিও ভাইরাল হয়েছে।
তবে হামলার ঘটনা প্রসঙ্গে খান তালাত মাহমুদ রাফির কোনো বক্তব্য জানা যায়নি।

তার সফরসঙ্গীদের সাথে যোগাযোগ করলে তারা জানান- “ভাইয়া শারীরিক ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, উনি এখন কথা বলতে পারবেন না।”
হামলার ঘটনার বিষয়ে রাউজানের ছাত্র প্রতিনিধি আবেদীন সাজিদ বলেন, “সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সে সেন্ট্রাল বয়েজ অফ রাউজানের সদস্য। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তা কি সত্য? জানতে চাইলে সাজিদ বলেন, শুনেছি হামিদ ছাত্রলীগ করে। এর বেশি কিছু জানতে পারিনি।
পড়ুন: চট্টগ্রামে সমন্বয়ক মাসউদ ও রাসেলকে জুতাপেটা করল ডট গ্যাং
তবে মতবিনিময় সভায় উপস্থিত রাউজান সরকারি কলেজের শিক্ষার্থী ইমরুল কায়েস বলেন, এখানে ছাত্রলীগ আসবে কোত্থেকে? ৫ই আগস্ট থেকেই এলাকায় হুকা চৌধুরীর (রাজাকার সাকা চৌধুরীর পুত্র) রাজত্ব চলছে। বিএনপি আর জামায়াত-শিবিরের তাণ্ডবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গণহত্যা চালানোর পর এলাকায় ‘লীগের’ কোনো কর্মী নাই। একজনকেও খুঁজে পাবেন না। এখানে ছাত্রলীগ এসে হামলা চালাবে, এটা কেউ বিশ্বাস করবে? আওয়ামী লীগের কাউকে পেলে এখানে স্রেফ ‘মার্ডার’ করে ফেলবে ওরা।
কায়েস আরও বলেন, আমি সভায় ছিলাম। ওইখানে রাফির দুর্নীতি, তদ্বির বাণিজ্য আর তার অ্যাকাউন্টে ৩২ কোটি টাকার হিসাব নিয়ে কথা তোলেন কয়েকজন সমন্বয়ক। এটা নিয়েই গ্যাঞ্জামটা শুরু হয়। রাফির সঙ্গীরা বাধা দিতে গেলে হাতাহাতি হয়। এসময় আমি আর আমার বন্ধুরা বের হয়ে আসি গন্ডগোল দেখে। হয়ত তখনই রাফিকে পিটিয়েছে কেউ।
পড়ুন: কোটিপতিদের কাতারে চট্টগ্রামের ‘সমন্বয়ক’ রাফি, বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকল ৩২ কোটি
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানের ভেতরে হট্টগোল হয়েছে। কিছু ছাত্র থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে, গত ১১ই জানুয়ারি চট্টগ্রাম শহরে ওয়াসার মোড় এলাকার একটি অফিসে রাফির উপস্থিতিতে একটি আলোচনা সভাতেও হট্টগোলের ঘটনা ঘটে। সেখানে রাফির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় একটি পক্ষকে। সেদিনের সভায় কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসউদ ও রাসেলকে জুতাপেটা করা হয়েছিল বলে জানা যায়।
এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে, যেখানেই রাফি যান, সেখানেই কেন মারামারির ঘটনা ঘটে?
