মসজিদের ডিজিটাল ডিসপ্লেতেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

মসজিদের ডিজিটাল ডিসপ্লেতেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

এতদিন রেলস্টেশন, মার্কেট-শপিং মল, কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল ডিসপ্লেতে দেখা গেলেও এবার মসজিদের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল মুক্তিযুদ্ধের অবিনাশী স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

এবারের ঘটনাস্থল সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সোমবার ৬ই জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের অবিনাশী স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ভেসে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। হঠাৎ মসজিদের দোতলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল ডিসপ্লেতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার” লেখা ভেসে যেতে দেখতে পান। এভাবে দুই মিনিট চলার পর বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে সেই ডিসপ্লেতে পুনরায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা ভেসে ওঠে ও চলতে দেখা যায়। এসময় মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান। তাৎক্ষণিক ডিজিটাল ডিসপ্লের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইমাম।

এ বিষয়ে মসজিদের ইমাম তরিকুল ইসলাম বলেন, বিষয়টি দেখে আমি হতবাক। কীভাবে এটি ভেসে উঠল, কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে ডিজিটাল ডিসপ্লের বিদ্যুতের সুইচ বন্ধ করে দিয়েছি। পরে মসজিদ কর্তৃপক্ষ এসে ডিসপ্লেটি খুলে ফেলেন। কারা এটি করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি দল সেখানে যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, এ ঘটনায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ৪ঠা জানুয়ারি সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি আদর্শ কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ছাত্রলীগের ফেরার বিষয়টি প্রচার করা হয়। ওই ঘটনায় কলেজের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

Visited 115 times, 1 visit(s) today