টাকা পাননি খেলোয়াড়রা, আর্থিক বিশৃঙ্খলা নিয়ে শুরু হচ্ছে বিপিএল

টাকা পাননি খেলোয়াড়রা, আর্থিক বিশৃঙ্খলা নিয়ে শুরু হচ্ছে বিপিএল
শেয়ার করুন

নিয়ম অনুযায়ী বিপিএলের খেলা শুরুর আগে খেলোয়াড়দের দিতে হবে পারিশ্রমিকের ৫০ ভাগ টাকা। সেই নিয়ম আগেও একাধিক দলকে ব্যতয় করতে দেখা গেছে। এবার এই নিয়ম মানেনি একটি দলও। খেলা শুরুর আগে এক টাকাও পাননি খেলোয়াড়রা। এমনকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে ব্যাংক গ্যারান্টির টাকাও পায়নি বিসিবি।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফিরে এসেছে, নতুন করে শুরুর আশ্বাস নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে, পুরনো সমস্যাগুলোই টুর্নামেন্টে ফিরে এসেছে। নতুন দল, স্পন্সর, থিম সত্ত্বেও, বিপিএল তার আর্থিক দুর্বলতার ছবি থেকে মুক্তি পাচ্ছে না।

বিপিএল নিয়ে একটি প্রধান অভিযোগ হলো ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় ও বোর্ডকে সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এবারের আসরেও প্রথম বল ছোড়ার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক বাধ্যবাধকতা পূরণ না করার খবর প্রকাশ পেয়েছে। এটি প্রথমবারের ঘটনা নয়। পূর্বের আসরগুলোও একই ধরনের বিতর্কের মধ্য দিয়ে গেছে, যা লীগের আর্থিক স্বচ্ছতা ও খেলোয়াড় কল্যাণে প্রতিশ্রুতির প্রতি প্রশ্ন তুলেছে।

বিপিএলের আয়োজকরা মাঠের বাইরে বিনোদনে ব্যাপক বিনিয়োগ করেছেন, কিন্তু মনে হচ্ছে টুর্নামেন্টের ভিত্তি – ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক স্বাস্থ্য – এখনও দুর্বল। যতদিন এই মৌলিক সমস্যা অব্যাহত থাকবে, বিপিএল সত্যিকার অর্থেই বিশ্বমানের টি-টোয়েন্টি লীগ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সংগ্রাম করবে। এমনটাই বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার।

বিপিএল শুরুর আগে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দিতে হয় দলগুলোকে। ফরচুন বরিশাল ছাড়া আর কেউ তা দেয়নি। ব্যাংক গ্যারান্টি নেওয়া হয় এই কারণে যে দলগুলো খেলোয়াড়দের টাকা না দিলে বিসিবির তা দিবে। এখন ব্যাংক গ্যারান্টিও না দিলে ঝুঁকি অনেক বেশি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের এগারোতম আসর। তবে আর্থিক বিশৃঙ্খলার পাশাপাশি অনেক অনিয়ম দেখা যাচ্ছে শুরু থেকে।

Visited 26 times, 1 visit(s) today