চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি ধানক্ষেতের সেচ নালায় পড়ে থাকা এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে হাকরইল গ্রামের স্থানীয়রা ধানক্ষেতের পাশে সেচ নালায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তি কামরুল ইসলাম (৫০), তিনি নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের হোসেন আলীর ছেলে। নাচোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল আলম জানান, কামরুল ইসলাম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ধান কাটা-মাড়ার কাজের জন্য ওই এলাকায় গিয়েছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গত রাতে কামরুল ইসলাম শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। শুক্রবার সকালে স্থানীয়রা তাকে ধানক্ষেতের পাশের সেচ নালায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল ৯:৩০ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
