ঢাবির অমুসলিম শিক্ষার্থী অধ্যুষিত জগন্নাথ হলে দাঙ্গার শঙ্কা

ঢাবির অমুসলিম শিক্ষার্থী অধ্যুষিত জগন্নাথ হলে দাঙ্গার শঙ্কা
শেয়ার করুন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিষয়ে গোয়েন্দা তথ্য পৌঁছানোর পর শনিবার রাতে প্রশাসন জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল সভার আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রাত সাড়ে ১০টায় শুরু হওয়া এই সভা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি নুজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক, ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক আবু বাকের মজুমদারও এই সভায় অংশ নেন।

জগন্নাথ হলে ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা বসবাস করেন।

গোয়েন্দা সূত্রের বরাতে তথ্য পেয়েছেন দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, একটি বিশেষ গোষ্ঠী দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলা হয়েছে।

ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম বলেন, ঢাবি প্রশাসন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে অনলাইন মিটিংয়ে বসেন। সেখানে আমরা শিবিরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রোপাগান্ডা চিহ্নিত করে ফ্যাক্ট চেক করার, প্রোপাগান্ডা রোধে পদক্ষেপ নেওয়ার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছি।

ওয়ার্ল্ড রিলিজন অ্যান্ড কালচার বিভাগ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি সপ্তাহ ঘোষণা করার প্রস্তাব ওঠে। এছাড়া আন্তঃধর্মীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ এবং মসজিদগুলোর ইমামদের খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ইসকনকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। ঢাবি যেন এ ধরনের পরিস্থিতির শিকার না হয়, সেজন্য আমরা বিশেষভাবে সচেতন। আমরা রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছি।” তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

Visited 76 times, 1 visit(s) today