অ্যান্টিগায় টেস্টের প্রথম দিনে কিছুটা সমান তালে লড়লেও দ্বিতীয় দিনে বেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ বিশাল পুঁজি করার পর শেষ বিকেলে বাংলাদেশ হারিয়েছে দুই ওপেনারকে।
শনিবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। পরে ব্যাট করতে গিয়ে ২০ ওভারে ২ উইকেটে ৪০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরুর পর দ্রুত দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। হাসান মাহমুদ নিজের প্রথম স্পেলেই তুলে নেন জশুয়া দা সিলভা আর আলজেরি জোসেফকে। ওয়েস্ট ইন্ডিজ টেল এক্সপোজড হয়ে যাওয়ায় দ্রুত অলআউটের সম্ভাবনা ছিলো। সেটা দুর্দান্ত এক জুটিতে মিইয়ে দেন জাস্টিন গ্রেইভ-কেমার রোচ।
মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে ২০৬ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার গ্রেইভস। চোয়ালবদ্ধ দৃঢ়তা, দুর্দান্ত ফিটনেস, লড়ার মানসিকতার অসাধারণ ছবি ফুটিয়ে তুলেন তিনি। তাকে সঙ্গ দিয়ে নিবেদন দেখান রোচ। ২৫২ মিনিট ক্রিজে থেকে ক্যারিয়ার সেরা ৪৭ করে ফেলেন তিনি। ৮ম উইকেটে তাদের ১৪০ রান টেস্টে বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের সেরা জুটি।
রোচের বিদায়ের পর জেডন সিলসকেও নিয়েও রান যোগ করেছেন গ্রেইভস। সিলস আউট হলে শামার জোসেফকে নিয়ে সাড়ে চারশো স্পর্শ করেন, এরপরই আসে ইনিংস ঘোষণা।
বাংলাদেশ ব্যাটিংয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান সতর্কতার সাথে শুরু করেন। দশম ওভারে উদ্বোধনী জুটি ২০ রানে ভেঙে যায়। সিলসের বল স্টাম্পে টেনে আনেন জাকির (৩৫ বলে ১৪)। পরের ওভারেই আলজারি জোসেফের বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন আরেক ওপেনার জয় (৩৩ বলে ৪)।
অভিজ্ঞ মুমিনুল হক ও দলে ফেরা শাহাদাত হোসেন মিলে দিনের বাকি ৯ ওভার নিরাপদে কাটিয়ে দেন। তবে ৪১০ রানে পিছিয়ে থাকা দলের সামনে কঠিন পরীক্ষা। এখনও ৪১০ রানে পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ২১১ রান।
