বুমরাহর ঝলকে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়াল ভারত

বুমরাহর ঝলকে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়াল ভারত
শেয়ার করুন

টস জিতে ব্যাটিং নিয়ে যেন জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়েছিলো ভারত। অস্ট্রেলিয়ার পেসারদের সামনে খাবি খেয়ে গুটিয়ে গিয়েছিলো দেড়শো রানে। তবে অস্ট্রেলিয়াকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলার দিকে নিয়ে গেছেন জাসপ্রিত বুমরাহ। তাকে সঙ্গে দিচ্ছেন মোহাম্মদ সিরাজ, হারসিত রানা। ১৭ উইকেট পতনের দিনে দাপট দেখাচ্ছে ভারতই।

পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে ভারত ১৫০ রানে অলআউট হওয়ার পর ৭ উইকেটে মাত্র ৬৭ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট হাতে রেখে দলটি পিছিয়ে আছে ৮৩ রানে।

বুমরা নিজের প্রথম চার ওভারেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বিপর্যয় সৃষ্টি করেন। তিনি নাথান ম্যাকসুয়েনি এবং উসমান খাজাকে টানা দুই বলে ফেরত পাঠিয়ে অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দেন। এরপর তার তীক্ষ্ণ সুইং এবং বাউন্সে স্টিভেন স্মিথও তার শিকার হন এলডব্লিউর।

দারুণ মোমেন্টাম আসার পর হারশিত রানা অভিষেকে দুর্দান্ত বোলিং করে ট্রাভিস হেডকে আউট করেন। তার ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন হেড।

এরপর মোহাম্মদ সিরাজ মিচেল মার্শ এবং মার্নাস লাবুশেনকে ফেরত পাঠিয়ে অস্ট্রেলিয়াকে আরও নাজুক অবস্থায় ফেলে দেন। মাত্র ৪৭ রানে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। দিনের খেলা শেষের দুই ওভার আগে কামিন্সকে আউট করে বুমরা নিজের চতুর্থ উইকেট নেন। ম্যাচের এই অবস্থায় ভারতের লিড পাওয়ার সম্ভাবনা প্রবল।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা ভারত শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলো। ম্যাচের প্রথম বলেই মিচেল স্টার্ক চার দিলেও পরবর্তী ওভারেই তিনি ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেন। প্রথম উইকেট হিসেবে যশস্বী জয়সওয়ালকে মাত্র আট বল টিকতে দেন। শুবমান গিলের পরিবর্তে দলে আসা দেবদুত পাডিক্কালও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি হেজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। এতে করে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার দুর্ভাগ্যজনক রেকর্ড তার দখলে চলে আসে।

এরপর বিরাট কোহলিও হেজেলউডের বাড়তি বাউন্সের সামনে অসহায় হয়ে পড়েন। তিনি মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান। রোহিত শর্মা না থাকায় দায়িত্ব নিয়ে খেলতে নামা লোকেশ রাহুল বেশ ভালো শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় স্পেলে স্টার্কের বলে আউট হয়ে যান। রাহুলের আউট হওয়ার ঘটনাটি বিতর্কিত হয়ে ওঠে। মাঠের আম্পায়ার আউট না দিলেও, ডিআরএসে আল্ট্রা এজ দেখে তৃতীয় আম্পায়ার রাহুলকে আউট দেন। যদিও একটি অ্যাঙ্গেল দেখে বল তার ব্যাটে লেগেছে এমন প্রমাণ মেলেনি, বরং ব্যাট প্যাডে আঘাত করতে দেখা যায়।

ভারতীয় দলের উপরের ক্রম ধসে পড়ায় লাঞ্চ বিরতির আগেই তারা চার উইকেট হারিয়ে ৫১ রান করে। লাঞ্চের পরও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দরকেও মিচেল মার্শ দ্রুত ফেরত পাঠান।

পরে রিশভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি কিছুটা স্থিতিশীলতা আনলেও, পান্তকে কামিন্স এবং নীতিশকে কামিন্সই ফেরত পাঠান। অভিষিক্ত হার্ষিত রানা এবং জসপ্রিত বুমরাহও বেশিক্ষণ টিকতে পারেননি। অবশেষে ভারতীয় ইনিংস মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়।

Visited 14 times, 1 visit(s) today