জেলা প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার (ইন্টারভিউ) দিতে গিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হাতে আটক ও মব সন্ত্রাসের শিকার হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী।
পরবর্তীতে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার এলাকার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় চাকরির সাক্ষাৎকার দেওয়ার উদ্দেশ্যে টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এলাকায় উপস্থিত হন তানিয়া আক্তার তাপসী। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিয়া আজাদের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে তার ওপর মব হামলা করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক হওয়া তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন এবং পরবর্তীতে ছাত্রলীগের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তাপসী একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ওই এলাকায় এসেছিলেন। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা রয়েছে কি না এবং থাকলে তার সংখ্যা কত, সে বিষয়ে পুলিশ তথ্য যাচাই-বাছাই করছে। প্রাথমিক তদন্ত ও যাচাই শেষে তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
