জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুরে মব সৃষ্টি করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন স্বাধীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক দেখানো হয়েছে। এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। সংগঠনটি অবিলম্বে তার মুক্তি দাবি করেছে।
সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মব সৃষ্টি করে সাংবাদিককে আটক করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত। এ ধরনের মব সংস্কৃতি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে বলা হয়, গত রোববার বিকেলে যশোরের কেশবপুরে মব সৃষ্টি করে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য আব্দুল্লাহ আল মামুন স্বাধীনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক দেখানো হয়।
একই বিবৃতিতে রাজধানীর পল্লবীতে নাগরিক টেলিভিশনের রিপোর্টার শেখ মেরাজের (মিরাজ মিজু) ওপর হামলারও নিন্দা জানানো হয়। গত রোববার প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হন। এ সময় তার ভিডিও সাংবাদিককেও মারধর করা হয় এবং ক্যামেরা ভাঙচুর করা হয়।
বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তারা শেখ মেরাজের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আব্দুল্লাহ আল মামুন স্বাধীনের মুক্তি দাবি করেন।
