মাকে পাশে নিয়ে রাজপথে সাবেক ছাত্রলীগ নেতা, আন্দোলনে ফেরার ঘোষণা

মাকে পাশে নিয়ে রাজপথে সাবেক ছাত্রলীগ নেতা, আন্দোলনে ফেরার ঘোষণা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর মায়ের হাত ধরে হাঁটছেন ছেলে। দুজনের পথচলা গ্রামের চেনা রাস্তায়, কিন্তু বার্তা রাজনীতির রাজপথে। একসময়কার স্বাভাবিক জীবনে ফিরতে না পারা, হামলা, হুমকি, নির্যাতন ও বাড়িঘরে হামলার আশঙ্কার কথা তুলে ধরে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম। তার সঙ্গে রাজপথে নেমেছেন মা-ও।

সম্প্রতি নিজের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায় মায়ের সঙ্গে হাঁটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নজরুল। সেখানে নিজের শৈশব, বেড়ে ওঠা, গ্রামের মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং পরিবারের ওপর নির্যাতনের স্মৃতি তুলে ধরেছেন তিনি।

একই সঙ্গে জানিয়েছেন, শারীরিক অসুস্থতা পুরোপুরি কাটিয়ে না উঠলেও আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

স্ট্যাটাসে নজরুল লিখেছেন, ‘এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা, তার বাম পাশে আমার বাড়ি। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দেবে।’

২০২৫ সালের জানুয়ারিতে নিজের ও পরিবারের ওপর হামলা এবং নির্যাতনের অভিযোগ তুলে নজরুল লেখেন, ওই ঘটনায় বিশেষ করে তিনি শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি।

তার ভাষ্য, দেড় বছরের বেশি সময় ধরে নিজে হাঁটতে না পারলেও এখনও তার পা পুরোপুরি সুস্থ হয়নি। এর মধ্যে একাধিকবার হুমকি, হামলা ও চাঁদা দাবির ঘটনাও ঘটেছে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

আবারও বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের আশঙ্কার কথাও জানিয়েছেন এই সাবেক ছাত্রলীগ নেতা। তবে এসব দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমাদের শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুটপাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন, জবাব একদিন দিতে হবে।’

নিজের শারীরিক অবস্থার অগ্রগতির কথা জানিয়ে নজরুল আরও লিখেছেন, পা কিছুটা ভালো হয়েছে, হাঁটার ট্রায়াল শুরু করেছেন। সামনে বড় কিছু অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে তার ঘোষণা, ‘আমাকে দমানো যাবে না।’

Visited 14 times, 12 visit(s) today