❐ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদা মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার, ৭ই নভেম্বর, দুপুরে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দিবসটি উপলক্ষে দুপুরে জামালগঞ্জ সদরে বিএনপির বিবদমান দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল। এর মধ্যেই দুই পক্ষ ইটপাটকেল ছোড়া ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ কয়েকজন। অপর পক্ষে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিকসহ অন্যরা।
মাসুম মাহমুদ তালুকদার বলেন, তাদের মিছিলটি শান্তিপূর্ণ ছিল। চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মী এতে যোগ দিয়েছিলেন।
তার অভিযোগ, অন্য পক্ষের লোকজন তাঁদের মিছিলের পথ আটকে লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এতে তাদের তিন থেকে চারজন আহত হয়েছেন।
অপর পক্ষের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরীর বক্তব্য, তারা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে উত্তেজনা বাড়ে এবং পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পর পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি শুরু হয়। বিকেল পর্যন্ত দুই পক্ষ আলাদা দুটি স্থানে অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
