বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা নিয়েই শুরু হচ্ছে সাফ

বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা নিয়েই শুরু হচ্ছে সাফ
শেয়ার করুন

হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলা শুরু করার পর থেকেই দেশের ফুটবলে বইছিল নতুন এক হাওয়া, গ্যালারিতেও বাড়ছিল দর্শকের ভিড়। অথচ সেই উন্মাদনার মুখেই যেন এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন। প্রচারের অভাব, টিকিটের চড়া দাম আর লজিস্টিকসের ল্যাজেগোবরে অবস্থা নিয়ে ফুটবল অনুরাগী তো বটেই, খোদ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ক্ষোভ চেপে রাখতে পারেননি। আয়োজক হিসেবে বাফুফে নামেই আছে, পেছনে মূল কলকাঠি নাড়ছে সাফ। আর এই গোলমালের মধ্য দিয়েই আজ গড়াচ্ছে টুর্নামেন্টের বল।

উদ্বোধনের আগেই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। সাফ এবার কমার্শিয়াল রাইটস বিক্রি করেছে ‘টিএএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামের ঢাকার এক অখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কাছে। দলগুলোর থাকা-খাওয়া, যাতায়াত, প্রচার থেকে শুরু করে টিকিটের দাম নির্ধারণ—সব কলকাঠি নাড়ছে তারাই। অন্যদিকে বাফুফে নিজেদের দায় এড়িয়ে দাবি করছে, তারা শুধুই লজিস্টিক সহায়তায় সীমাবদ্ধ।

এদিকে মাঠের খেলায় আগ্রহ থাকলেও গ্যালারিতে খরার শঙ্কা দেখা দিয়েছে টিকিটের আকাশছোঁয়া দামের কারণে। সর্বনিম্ন টিকিটের দাম ১,০০০ টাকা হাঁকানোয় ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্বোধনী দিনে ভারত-পাকিস্তান এবং বাংলাদেশ-ভুটানের মতো বড় দুটি ম্যাচ থাকা সত্ত্বেও অধিকাংশ টিকিট অবিক্রিতই থেকে যায়। আয়োজকরা শেষ মুহূর্তে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিলেও ক্ষোভ সামাল দেওয়া যায়নি। আবার ২০১৮ সালের পর বাংলাদেশে সাফ ফিরলেও শহরজুড়ে প্রচার-প্রচারণার ছিটেফোঁটাও চোখে পড়ে না; ছিল না কোনো ব্যানার বা ফেস্টুন।

সফরকারী দলগুলোর ওপর দিয়েও গেছে বড় ধরনের ভোগান্তি। বিমানবন্দরে নেমে লজিস্টিকসের গোলমালে ৩ ঘণ্টার বেশি আটকে থাকতে হয় শ্রীলঙ্কা দলকে, আর অন-অ্যারাইভাল ভিসার জটিলতায় ভুটান দলের সময় কাটে প্রায় ২ ঘণ্টা। সবচেয়ে বেশি বিপাকে পড়ে পাকিস্তান; কাতার থেকে সরঞ্জাম ও লাগেজ গায়েব হয়ে যাওয়ায় অনুশীলনে নামতেই পারেনি তারা। ফলে ভারতের মুখোমুখি হওয়ার আগে এক সেশন প্র্যাকটিস করার সুযোগও পাননি পাকিস্তানি ফুটবলাররা।

বিশৃঙ্খলা ছাড়ায়নি অফিশিয়াল প্রেস কনফারেন্স থেকেও। বুধবার সংবাদ সম্মেলন হলেও সেখানে সাফের ট্রফিটাই রাখা হয়নি, এমনকি সময়মতো পৌঁছাতে না পারায় মালদ্বীপের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অন্যদিকে উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও স্বাগতিক বাংলাদেশ তাদের চূড়ান্ত ২৩ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে গড়িমসি করে। এমনকি সন্ধ্যায় ডিজে সঞ্জয়ের পারফর্ম করার কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠান কতক্ষণ চলবে বা কী কী থাকবে, তা নিয়ে ধোঁয়াশা রেখে দেয় আয়োজকরা। সব মিলিয়ে চরম হযবরল অবস্থার মধ্য দিয়েই বাঁশি বাজছে সাফের।

Visited 1 times, 1 visit(s) today