ইতিহাসের সবচেয়ে বড় হারের পর লজ্জিত মদ্রিচ

ইতিহাসের সবচেয়ে বড় হারের পর লজ্জিত মদ্রিচ
শেয়ার করুন

ম্যাচ শেষে লুকা মদ্রিচের চেহারায় তখন রাজ্যের বিষাদ। ঘরের মাঠ রিজেকায় ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে উড়ে যাওয়ার ধাক্কাটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না ক্রোয়েশিয়া অধিনায়ক। নিজেদের ফুটবল ইতিহাসে এমন বিব্রতকর ও বড় হার আর কখনোই দেখেনি ক্রোটরা। এমন বিপর্যয়ের পর নিজের আবেগ চেপে রাখতে পারেননি মদ্রিচ, সাফ জানিয়েছেন—ফুটবল ক্যারিয়ারে এমন লজ্জা আগে কখনো পাননি।

এর আগে ২০১৮ সালে স্পেনের কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল ক্রোয়েশিয়া, এতদিন সেটাই ছিল তাদের ফুটবলের সবচেয়ে বড় পরাজয়। দেশের হয়ে রেকর্ড ২১৪ ম্যাচ খেলা এই মিডফিল্ডারের মতে, ইংল্যান্ডের ‘সঙ্গে’ যেভাবে তারা অলস ফুটবল খেলেছেন, তা দেশের ফুটবলের জন্য চরম অসম্মানজনক।

স্থানীয় সংবাদমাধ্যম জুতারঞ্জিকে বিষাদগ্রস্ত মদ্রিচ বলেন, ‘ট্যাকল নেই, ফাউল নেই, আগ্রাসন কিংবা একতার কোনো বালাই ছিল না—এমন বিশ্রী পারফরম্যান্সের কী ব্যাখ্যা দেব জানি না। জাতীয় দলে ২০ বছর ধরে খেলছি, কিন্তু ফুটবল ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচ শেষে সত্যি লজ্জিত বোধ করছি।’

৪১ বছর বয়সী এই ক্রোট মহাতারকা আরও যোগ করেন, ‘হারতেই পারেন, কিংবা প্রতিপক্ষ আপনার চেয়ে শক্তিশালী হতে পারে—আর এই মুহূর্তে ইংল্যান্ড আসলেই অনেক ভালো দল। কিন্তু এভাবে হেরে এতদিন ধরে গড়ে তোলা সম্মান এভাবে বিসর্জন দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মাঠে দলের ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মদ্রিচ বলেন, ‘ফুটবল এভাবে খেলা যায় না। মাঠে দুজন কম থাকলেও ম্যাচ জেতা কঠিন, আর আমাদের দেখে মনে হচ্ছিল দলে ৪-৫ জন খেলোয়াড় কম নিয়ে খেলছি। আমাদের জন্য এটা চরম বিপর্যয়ের এক রাত।’

নেশন্স লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে ক্রোয়েশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। ধাক্কা সামলে ওঠার আগেই আগামী মঙ্গলবার স্প্লিটে স্পেনের ‘সঙ্গে’ মাঠে নামতে হবে তাদের। প্রথম দেখায় এই স্প্যানিশদের কাছেই ৪-১ গোলে হেরেছিল ক্রোটরা।

স্পেনের বিরুদ্ধে কঠিন পরীক্ষার আগে দলকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মদ্রিচ বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে, নিজেদের আবার গুছিয়ে নিতে হবে। কারণ সামনে আরও বড় লড়াই। আমাদের ভেতর যে জেদ, আত্মসম্মান, খেলার তীব্র ইচ্ছা আর দলগত শক্তি আছে—তা মাঠে ফিরিয়ে আনতে হবে। এসব ঐতিহ্য তো আর রাতারাতি হারিয়ে যেতে পারে না।’

Visited 10 times, 1 visit(s) today