অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সজীব ওয়াজেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের শীর্ষ নীতি নির্ধারক মনে করেন এই জয় লাল সবুজের প্রতিনিধিদের এগিয়ে নেবে অনেক দূর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি টাইগারদের এই ঐতিহাসিক অর্জনের প্রশংসায় লেখেন, “বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক অভিনন্দন। অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের বিরুদ্ধে পাওয়া এই জয় আগামী দশকগুলোতে আমাদের ক্রিকেটকে অনুপ্রাণিত করবে।”
ডারউইনে অনুষ্ঠিত টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তিকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দেওয়ার এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। সজীব ওয়াজেদ মনে করেন, মাঠের এই অর্জন শুধু একটি জয়ই নয়, বরং তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক অদম্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ।
