বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল

বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


চট্টগ্রামের বাঁশখালীতে ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

১৩ই আগষ্ট সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় এই বিশাল মিছিলে অংশ নেন অন্তত ৪-৫শ নেতাকর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রায় ৪০০ থেকে ৫০০ জন নেতাকর্মী হাতে মশাল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে তারা ‘গ্যাস দে বিদ্যুৎ দে-নইলে গদি ছাইড়া দে, শেখের বেটি আইতাছে-পাড়ায় পাড়ায় খবর দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরী। তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন: “আগামী ডিসেম্বরে শুধু একটা স্লোগান হবে, ‘শেখ হাসিনা আসছে-বাংলাদেশ হাসছে’।”

তিনি আরও বলেন, “আমরা জানি ৫ই আগস্টের পর থেকে গত দুই বছর আপনারা ভালো নেই। আপনাদের জীবন খুবই কষ্টের যাচ্ছে। এখন আর কোনো দুশ্চিন্তা নাই, কারণ আগামী ডিসেম্বরে আমাদের নেত্রী ফিরে এসে আপনাদের মুখে আবারও হাসি ফোটাবেন, ইনশাআল্লাহ।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর বাহারছড়া চুনতিবাজার ছাড়াও এর আগের দিন বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতু এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অপর একটি মিছিল বের করেছিলেন।

সামপ্রতিক দিনগুলোতে গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

তাদের মতে, যাতায়াত ব্যবস্থায় জ্বালানি সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয় বিভিন্ন মাধ্যমে মশাল মিছিলের খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। মিছিলের কাছাকাছি যেতে না যেতেই মিছিলকারীদের বিক্ষোভে পড়ে পিছনে আসতে বাধ্য হয়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাটির সঠিক তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Visited 7 times, 1 visit(s) today