নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার পর দেশের বাজারে দ্রুত কমতে শুরু করেছে মরিচের দাম। কয়েক দিন আগেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হলেও এখন ঢাকার অধিকাংশ বাজারে তা ১০০ থেকে ১২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
ব্যবসায়ীরা বলছেন, দেশে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছিল। সেই সুযোগে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ার পর নতুন চালান বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে এবং দাম দ্রুত কমেছে।
হিলি স্থলবন্দর সূত্র জানায়, সাড়ে আট মাস বন্ধ থাকার পর গত ৩ আগস্ট ভারত থেকে আবার কাঁচা মরিচ আমদানি শুরু হয়। প্রথম দিন চারটি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি মরিচ দেশে আসে। পরদিন ১২টি ট্রাকে আসে ৭৫ টন ৫২০ কেজি এবং ৬ আগস্ট আরও আটটি ট্রাকে ৬২ টন ৬৮০ কেজি মরিচ আমদানি করা হয়।
আমদানির শুরুতে হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ ১৬০ টাকায় বিক্রি হলেও সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে বর্তমানে সাধারণ মানের মরিচ ৮০ টাকা এবং ভালো মানের মরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই প্রভাব রাজধানীর খুচরা বাজারেও পড়েছে। ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে এখন মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলির আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার আরও স্থিতিশীল হবে। এতে কাঁচা মরিচের দাম আরও কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে বলে তাদের আশা।
