বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার

বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


বিয়ের আশ্বাস দিয়ে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের একজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়েছিল দুজনের, যা পরে গড়িয়েছিল প্রেমের সম্পর্কে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আফতাব মজুমদার, যিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৪ই মে দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা একটি সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে আফতাব মজুমদারকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, প্রায় তিন মাস আগে ফেসবুকে আফতাব মজুমদারের সঙ্গে তার পরিচয় ঘটে, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্ত শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তরুণী বিয়ের আগে তাতে রাজি হননি।

এজাহারে আরও উল্লেখ রয়েছে, গত ১৪ই জুলাই সকালে আফতাব মজুমদার মোবাইল ফোনে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এরপর তরুণী বারবার বিয়ের বিষয়ে তাগাদা দিলেও নানা অজুহাতে তা এড়িয়ে যান আফতাব, শেষ পর্যন্ত সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পরে ভুক্তভোগী জানতে পারেন যে আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত। এই তথ্য জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম ২২শে জুলাই, বুধবার কালবেলাকে বলেন, ‘ধর্ষণ মামলার এনসিপি চট্টগ্রাম মহানগরের নেতা আফতাব মজুমদারকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাজতে আছেন। ২৩শে জুলাই দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’ তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে জানি না।’

অনুসন্ধানে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ব্যক্তিজীবনে আফতাব মজুমদারকে ঘিরে এর আগেও একাধিক বিয়ে নিয়ে নানা আলোচনা ছিল। অসংখ্য তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলা, তাদের সঙ্গে প্রতারণা এবং ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনা নিয়ে এনসিপির কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

Visited 8 times, 1 visit(s) today