❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ৪৪ পয়েন্ট হারিয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৪৮ কোটি টাকা কম লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন—দুটিই কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে নেমে এসেছে।
দিনভর ডিএসইতে ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৪৮ কোটি টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির দর বেড়েছে, ২৪০টির কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, সার্প ইন্ডাস্ট্রি, বিএসআরএম স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা ইন্স্যুরেন্স, বিএসসি, এসিআই, সামিট পোর্ট ও ফার ইস্ট নিটিং।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত ছিল।
সিএসইতে দিনভর লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৮২ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১০ কোটি ৪৪ লাখ টাকা।
