সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই

সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

আজ ১৩ই জুলাই, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলেও সোমবার ভোরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

নজরুল ইসলাম চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-১৪ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের আগস্টে সংসদ বিলুপ্ত হওয়ার মধ্য দিয়ে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বের সমাপ্তি ঘটে।

Visited 6 times, 1 visit(s) today