❐ নিজস্ব প্রতিনিধি
খুলনার দক্ষিণ লবনচরায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি নেতাকে নিজ বাড়ির পেছনে বসে থাকা অবস্থায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। তিনি দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।
আজ ১২ই জুন, শুক্রবার বেলা ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে তিনি এ হত্যাকাণ্ডের শিকার হন।
বিএনপি নেতা ঢাকাইয়া রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে বের হয়ে গেছে। তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বসে ছিলেন। তখন কারা এসে তাকে গুলি করে, যা তার তল পেটে লাগে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তার স্বামী বিএনপির রাজনীতি করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, জামায়াত-শিবিরের সাথে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
