তামিমের সভাপতিত্বে ‘ভালো কিছুর’ আশা সাকিবের

তামিমের সভাপতিত্বে ‘ভালো কিছুর’ আশা সাকিবের
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে তামিম ইকবাল পূর্ণ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব নিলে দেশের ক্রিকেট উপকৃত হবে বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। বুধবার মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আগের বোর্ড ভেঙে দেওয়ার পর তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী জুনের শুরুতে নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে, যেখানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন তামিম।

তামিমের নেতৃত্ব প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি বলতে চাই তিনি (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেননি। তিনি নির্বাচন আয়োজনের জন্য সেখানে দায়িত্ব পেয়েছেন এবং আশা করি তিনি যদি সভাপতি হন, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।’

একই অনুষ্ঠানে আইপিএল খেলা নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন সাকিব। বয়সের কারণে প্রতিযোগিতার ধরণ বদলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যথেষ্ট খেলেছি আইপিএলে। নতুন প্রজন্ম এসেছে, তারা সত্যিই ভালো পারফর্ম করছে, কারণ আমি আমার বয়সী খুব কম খেলোয়াড়কেই আইপিএল খেলতে দেখি। আমার মনে হয় এক বা দুইজন, হয়তো সর্বোচ্চ পাঁচজন হবে, সবাইকে মিলিয়ে আমি মনে করি আমার বয়সে পাঁচজনের বেশি আইপিএল খেলছে না।’ বর্তমানে মাঠে খেলার চেয়ে খেলা উপভোগ করাতেই বেশি আনন্দ পাচ্ছেন বলে জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

 

Visited 12 times, 1 visit(s) today