২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করাকে তৎকালীন সরকারের একটি বড় ‘ভুল’ ও দেশের ক্রিকেটের জন্য ‘বিরাট মিস’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আক্ষেপ প্রকাশ করেন।
উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেওয়ার ইস্যুতে বিসিসিআই-এর সঙ্গে টানাপোড়েনের জেরে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়। এর ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড সেই বিশ্বকাপে অংশ নেয়।
বিষয়টি নিয়ে সাকিব বলেন, ‘আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা বড় ভুল ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় ক্ষতি, বিরাট এক মিস কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ কাপ খেলতে দেখতে ভালোবাসি… বাংলাদেশের মতো একটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা অনেক বড় একটা মিস ছিল।’
বিশ্বকাপের আক্ষেপ থাকলেও দলের বর্তমান পারফরম্যান্সে আশাবাদী সাকিব। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় ও সামগ্রিক উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। আপনি জানেন আগে এটি ব্যক্তিগত নির্ভর ছিল কিন্তু এখন এটি মূলত দল কেন্দ্রিক এবং আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’ নতুন প্রজন্মের ক্রিকেটারদের ওপর আস্থা রেখে তিনি জানান, প্রতিশ্রুতিশীল এই তরুণদের হাত ধরে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।
