১০ রান বাকি ছিল সেঞ্চুরির। স্নায়ুচাপের বালাই না দেখিয়ে পরপর চার ও ছক্কায় পৌঁছে গেলেন ৯৭ রানে। পরের বলেই ফের ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই ওপেনার শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে ক্রিকেট বিশ্বকে আরেকবার চমকে দিলেন।
সূর্যবংশীর ১০৩ রানের টর্নেডো ইনিংসটি সাজানো ছিল ১২টি ছক্কা ও ৫টি চারে। সেঞ্চুরির ঠিক পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় ১৫ বছর বয়সী এই তরুণকে। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে গত আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি, যা আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম। এই তালিকায় ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল।
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে দুটি সেঞ্চুরির মালিক হলেন এই বিস্ময়-বালক। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পথচলা খুব ছোট হলেও ২৬ ইনিংসেই চারটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম ইনিংসে চারটি সেঞ্চুরির কীর্তি নেই আর কারো। পাকিস্তানের উসমান খানের এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৩ ইনিংস। সাই সুদর্শন ও ক্রিস গেইলের লেগেছিল যথাক্রমে ৭২ ও ৭৭ ইনিংস। তরুণ সূর্যবংশী যেন প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার নতুন এক মিশন নিয়ে মাঠে নামছেন।
