সোমবার মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডসের লাল গালিচায় রাজত্ব করল টেনিস। এই অনুষ্ঠানে আরিনা সাবালেনকা এবং কার্লোস আলকারাস যথাক্রমে বছরের সেরা নারী ও পুরুষ ক্রীড়াবিদ হিসেবে ভূষিত হয়েছেন।
২০২৫ সালের উজ্জ্বল পারফরম্যান্সের মাধ্যমে নারী ও পুরুষ টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করায় এই জুটিকে সম্মানিত করা হয়।
২২ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাস ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন—এই দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে বছর শেষে আবারও বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করেন। এর মাধ্যমে সব ধরনের কোর্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।
অন্যদিকে, ২৭ বছর বয়সী বেলারুশীয় তারকা সাবালেনকা নিউ ইয়র্কে আলকারাসের সঙ্গে বিজয়ীর মঞ্চে জায়গা করে নেন। এছাড়া অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে তিনি পুরো মৌসুমে তার ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন।
এই জয়ের মাধ্যমে সাবালেনকা সেরেনা উইলিয়ামস, জেনিফার ক্যাপ্রিয়াতি, জাস্টিন হেনিন এবং নাওমি ওসাকার মতো টেনিস তারকাদের তালিকায় নাম লেখালেন, যারা এর আগে লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন।
পুরস্কারের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুজন ক্রীড়াবিদ—নোভাক জোকোভিচ এবং আইলিন গু, যারা উভয়েই সাবেক লরিয়াস বিজয়ী। গত বছর এই শীর্ষ সম্মানগুলো জিতেছিলেন জিমনাস্ট সিমোন বাইলস এবং পোল-ভল্টার মন্ডো ডুপ্লান্টিস।
অন্যান্যদের মধ্যে, ররি ম্যাকিলরয় ‘ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। দীর্ঘ ১১ বছরের অপেক্ষা শেষে ২০২৫ সালের মাস্টার্সে প্লে-অফ জয়ের মাধ্যমে তিনি তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন এবং ২০২৬ সালে সেই শিরোপাটি ধরে রাখতে সক্ষম হন।
ফর্মুলা ওয়ানের ল্যান্ডো নরিস ‘ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। এছাড়া ‘ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার’ জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২৫ সালে তারা ফ্রেঞ্চ লিগ, কাপ এবং নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ সাফল্যের দেখা পায়।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের মনোনীতদের তালিকা বিশ্ব গণমাধ্যম নির্বাচন করে এবং লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির ৬৯ জন সদস্য বিজয়ীদের নির্ধারণ করেন। ২০০০ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
