কুমিল্লায় জুলাইযোদ্ধা এনসিপি নেতার হাতে গৃহবধূ নিপীড়ন, মামলার পর গ্রেপ্তার

কুমিল্লায় জুলাইযোদ্ধা এনসিপি নেতার হাতে গৃহবধূ নিপীড়ন, মামলার পর গ্রেপ্তার
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে (১৮) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তানজিম হাসান মেহেদী (২৫) নামে এক জুলাইযোদ্ধা এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ভোরে পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ৪ঠা এপ্রিল, শনিবার সকালে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে এই নারী-নিপীড়নের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ফতেহাবাদ গ্রামের এক দম্পতি অভিযুক্ত মজিবুর রহমানের ছেলে মেহেদীর বাড়িতে ভাড়া থাকতেন। স্বামী অটোরিকশা চালক হওয়ায় দিনের বেলা তিনি কাজে বাইরে থাকতেন।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ৪ঠা এপ্রিল শনিবার সকালে তার স্বামী কাজে বের হয়ে যাওয়ার পর তিনি বাসার ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত মেহেদী তাকে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূ সাহসিকতার সাথে বাধা দিয়ে নিজেকে রক্ষা করেন এবং পরে বিষয়টি তার স্বামীকে জানান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার রাতেই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। রোববার ভোরে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদীকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মেহেদীর রাজনৈতিক পরিচয় নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা এনসিপি নেতা কাজী নাসির বলেন, “সে আমাদের সংগঠনের সামনের সারির কর্মী ছিল ঠিকই, কিন্তু যেহেতু আমাদের উপজেলা পর্যায়ে এখনো কোনো আনুষ্ঠানিক কমিটি গঠন করা হয়নি, তাই দাপ্তরিকভাবে তাকে কোনো পদধারী নেতা বলা যাচ্ছে না।”

এনসিপির কর্মীদের দাবি, মেহেদী জুলাইযোদ্ধা হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এ কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তদন্ত করা প্রয়োজন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সময় অন্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

Visited 8 times, 1 visit(s) today