৩৫ দিনে শাহ আমানতে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসীরা

৩৫ দিনে শাহ আমানতে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসীরা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিনিধি


মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা, যার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুক্রবার নতুন করে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৪৫-এ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান জটিলতার কারণে বিশেষ করে শারজা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার শারজা রুটের দুটি এবং সালাম এয়ারের মধ্যপ্রাচ্যগামী ও ফিরতি দুটি ফ্লাইট বাতিল করা হয়।

যদিও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে স্থবিরতা এখনো কাটেনি, তবুও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই দিন বিভিন্ন এয়ারলাইনের মোট ৯টি আগমন ও ৬টি প্রস্থান ফ্লাইট চালু ছিল।

তবে সংযুক্ত আরব আমিরাতগামী রুটে পরিচালিত সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলোই সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে কয়েক হাজার প্রবাসী ও পর্যটক চরম ভোগান্তিতে পড়েছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সে প্রত্যাশায় দিন গুনছেন যাত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Visited 6 times, 1 visit(s) today