মির্জা ফখরুলকে গণতন্ত্র হত্যার মহাসচিব আখ্যা দিলেন আসিফ মাহমুদ

মির্জা ফখরুলকে গণতন্ত্র হত্যার মহাসচিব আখ্যা দিলেন আসিফ মাহমুদ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোনো সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে রাখার ইউনূস সরকারের অধ্যাদেশকে আইনে রূপান্তর করছে বিএনপি- এমন অভিযোগ করলেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা জানতে চেয়েছেন উক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুলের কাছে।

পোস্টে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন বলেও উল্লেখ করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং নিয়োগের ক্ষমতা সরকারের উপর ন্যস্ত করে অধ্যাদেশ করা হয়েছিল। এখন এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করছে বিএনপি। ফলে যেকোনো স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোনো সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে থেকে যাবে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘ফলে স্থানীয় সরকার নির্বাচনের পরেও নির্বাচিত যেকোন প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ করতে পারবে সরকার। যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি।’

Visited 12 times, 1 visit(s) today