ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা, জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের চিন্তায় ট্রাম্প

ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা, জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের চিন্তায় ট্রাম্প
শেয়ার করুন

❐ আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। ইউরোপীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সমর্থন না দেওয়ায় তিনি এ অবস্থান নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে “কাগুজে বাঘ” বলে অভিহিত করেন এবং বলেন, এই জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন “পুনর্বিবেচনারও বাইরে”।

ট্রাম্প বলেন, “আমি কখনোই ন্যাটোর ওপর আস্থা রাখিনি। আমি সবসময় জানতাম এটি একটি কাগুজে বাঘ, এবং পুতিনও তা জানে।”

তার এই মন্তব্যকে হোয়াইট হাউজের পক্ষ থেকে ইউরোপকে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে আর না দেখার স্পষ্ট ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাজ্যের নৌবাহিনী ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনাও করেন। তিনি দাবি করেন, যুক্তরাজ্যের নৌ সক্ষমতা দুর্বল এবং সরকারের জ্বালানি নীতি ব্যয় বাড়াচ্ছে।

এদিকে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা না পেলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি তিনি দাবি করেন, ইরান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

যুক্তরাষ্ট্র পূর্বে ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল, যেখানে পারমাণবিক কার্যক্রম সীমিত করা এবং হরমুজ প্রণালী পুরোপুরি চালু রাখার দাবি জানানো হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

Visited 11 times, 1 visit(s) today