আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১১৫তম র্যাঙ্কিংয়ের দল মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন এনজো ফার্নান্দেজ ও তরুণ তুর্কি নিকো পাজ। মৌরিতানিয়ার পক্ষে একমাত্র গোলটি আসে জর্ডান লেফোর্টের পা থেকে।
শনিবার দিবাগত রাতে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটেই ডেডলক ভাঙেন এনজো ফার্নান্দেজ। ডি-বক্সের ডান প্রান্ত থেকে নাহুয়েল মলিনার বাড়ানো নিখুঁত পাসে পা ছুঁইয়ে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
গোলের ব্যবধান দ্বিগুণ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আলবিসেলেস্তেদের। ৩২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দর্শনীয় এক গোল করেন নিকো পাজ। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে খুব বেশি গোল পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে অধিনায়ক লিওনেল মেসি মাঠে নামলে প্রত্যাশা আরও বাড়ে। তবে মৌরিতানিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। উল্টো ম্যাচের যোগ করা সময়ে (৯৪ মিনিট) ফ্রি-কিক থেকে পাওয়া এক সুযোগে জর্ডান লেফোর্ট গোল করে মৌরিতানিয়াকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। তবে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
আর্জেন্টিনার রক্ষণভাগে ক্রিশ্চিয়ান রোমেরো ও মার্কোস সেনেসি পুরো ম্যাচেই সতর্ক ছিলেন। উল্লেখ্য, এই ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বেশ কিছু আক্রমণ প্রতিহত করেন। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান তিন, আর মৌরিতানিয়ার ১১৫। ১১২ ধাপ পেছনের দলের বিপক্ষে জিতলেও লিওনেল মেসিদের পারফরম্যান্স আসলে হতাশাজনক।
