মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পুরো পরিবেশে ছিল শোক, শ্রদ্ধা ও দেশপ্রেমের এক আবেগঘন আবহ।

বিভিন্ন স্তরের নেতাকর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত করে তোলেন স্মৃতিসৌধ এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতা সাইকুল ইসলাম ইঞ্জি, এস এম শফিকুল সরকার শাওন বলেন, “মহান স্বাধীনতা আমাদের জন্য শুধু একটি অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব, ত্যাগ ও দূরদর্শিতার ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহিদের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।”

সাইকুল ইসলামইঞ্জি, এস এম শফিকুল সরকার শাওন তার বক্তব্যে শেখ হাসিনা-এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে অগ্রগতি তারই প্রমাণ।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Visited 26 times, 1 visit(s) today