হাসপাতালে বোমা ফেলে মানুষ মেরে পাকিস্তান যুদ্ধাপরাধ করেছে: রশিদ খান

হাসপাতালে বোমা ফেলে মানুষ মেরে পাকিস্তান যুদ্ধাপরাধ করেছে: রশিদ খান
শেয়ার করুন

কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানি বিমান হামলায় কয়েকশ বেসামরিক মানুষ নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান। সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করে তিনি বলেছেন, বেসামরিক স্থাপনা ও হাসপাতালে হামলা চালানো স্পষ্টত একটি ‘যুদ্ধাপরাধ’।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০০-তে দাঁড়িয়েছে। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সরব হন রশিদ খানসহ আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা।

রশিদ খান তার পোস্টে লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের খবরে আমি গভীরভাবে শোকাহত। ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো একটি যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এমন চরম অবজ্ঞা সত্যিই মেনে নেওয়া যায় না।’

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রশিদ আরও যোগ করেন, ‘এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের সঙ্গে আছি। আমরা এই ক্ষত কাটিয়ে আবারও একটি জাতি হিসেবে জেগে উঠব। ইনশাআল্লাহ!’

শুধু রশিদ খানই নন, অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও এই নৃশংসতার নিন্দা জানিয়েছেন। তিনি একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘রমজানের ২৮তম রাতে হাসপাতালের গেটে দাঁড়িয়ে মায়েরা তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন, যাদের চিরতরে কেড়ে নেওয়া হয়েছে।’

টি-টোয়েন্টি অধিনায়ক ইব্রাহিম জাদরানও এই হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে নিজের ভয়ার্ত অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ পরই দেখি হাসপাতাল থেকে আগুনের শিখা আকাশে উঠছে। যারা কাল রোজা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন, আজ তারা মৃত অথবা আহত।’

সাম্প্রতিক এই বোমা হামলার ঘটনায় পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান প্রশাসনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারতও রমজান মাসে আফগানিস্তানের ওপর এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

Visited 14 times, 1 visit(s) today