সাদা বলের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে কিউইরা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সিরিজের তিনটি ওডিআই অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ২০ এবং ২৩ এপ্রিল। প্রথম দুটি ম্যাচ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) এবং শেষ ওডিআইটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওডিআই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে। প্রথম দুটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে।
খর্বশক্তির নিউজিল্যান্ড ও বাংলাদেশের সম্ভাবনা
পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ ঘরের মাঠে কিউইদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে। কারণ, এই সিরিজটি আইপিএল ও পিএসএলের সমসাময়িকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে নিউজিল্যান্ড তাদের প্রথম সারির দশ ক্রিকেটারকে পাচ্ছে না। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকায় এই সিরিজ হারলেও নিউজিল্যান্ডের বড় কোনো ঝুঁকি নেই। তাই ব্ল্যাকক্যাপসরা সাধারণত ক্রিকেটারদের এসব দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করে না; বরং ফ্র্যাঞ্চাইজি লিগে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিয়ে থাকে।
যাদের দেখা যাবে না এই সিরিজে
বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখা যাবে না আইপিএলে থাকা অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসনকে। এছাড়া পিএসএলে ব্যস্ত থাকায় থাকছেন না মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলও। ফলে অনেকটা তরুণদের নিয়ে গড়া দ্বিতীয় সারির দলই বাংলাদেশে পাঠাবে কিউইরা। এমনকি দলের দুই কোচও পিএসএলে যুক্ত থাকায় বাংলাদেশে আসবেন না।
২০২৩ ওডিআই বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এবার কিউইদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ মোস্তাফিজুর রহমানদের সামনে।
