স্থানীয় প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ধামুরা এলাকা থেকে মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের প্রয়াত হামেদ সরদারের ছেলে এবং উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, বাদী মনিরুল ইসলাম একজন ড্রেজার ব্যবসায়ী। তিনি উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের চুক্তিতে কাজ করেন। বালু সরবরাহের জন্য পাইপ স্থাপনের পর ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন দেশি অস্ত্রধারী তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
নিরুপায় হয়ে মনিরুল তিন দফায় এক লাখ টাকা দেন। বাকি এক লাখ টাকা না দেওয়ায় ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে আসামিরা হাজির হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে স্থানীয়রা আহতকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার রাতে মনির সরদারকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করেন মনিরুল ইসলাম।
জানুয়ারি থেকে চাঁদাবাজি করে আসলেও বহাল তবিয়তে ছাত্রদলের পদে ছিলেন, কিন্তু গ্রেফতার হবার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনির সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হলো।
এ ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত। পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
