মধ্যপ্রাচ্য সংকটে আজও বাংলাদেশ থেকে ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে বাতিল ১৭৩ ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংকটে আজও বাংলাদেশ থেকে ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে বাতিল ১৭৩ ফ্লাইট
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


মধ্যপ্রাচ্যজুড়ে চলমান নিরাপত্তা সংঘাতের প্রভাব অব্যাহত রয়েছে দেশের আকাশপথে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ ঘোষণার পর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।

আজ ৪ঠা মার্চ, বুধবার এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষরে সাথে কথা হয় প্রতিবেদকের।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ৪ঠা মার্চ রাত ১২টার পর থেকে আজ মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি এবং ৩রা মার্চ ৩৯টি ফ্লাইট। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

হঠাৎ এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রা পরিকল্পনাকারী যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশেষ করে ছুটিতে দেশে আসা প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফেরত যাওয়া নিয়েও তৈরি হয়েছে শংকা। সময়মত কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি নিয়ে তৈরি হতে পারে জটিলতা, এ নিয়ে প্রবাসীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।

এদিকে ফ্লাইটের সময় পরিবর্তন এবং বারবার বাতিল হওয়ার কারণে বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে তারা এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে সঠিক তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না।

পরিস্থিতির উন্নতির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তবে মধ্যপ্রাচ্যের আকাশপথ পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।

Visited 11 times, 1 visit(s) today