❐ নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রাম নগরে আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ২০শে ফেব্রুয়ারি, শুক্রবার সকালে কোতোয়ালি থানাধীন রাইফেল ক্লাবের সামনে ব্যানারসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাঁশখালীর চাঁপাছড়ি এলাকার দিদারুল আলমের ছেলে মো. তুষার (২০), রত্নপুর ২ নম্বর ওয়ার্ডের মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো. মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২),
মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না (২০), মো. বাহারের ছেলে মো. রিয়াজ হোসেন (২০) এবং সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)। পুলিশ জানায়, তারা সবাই চট্টগ্রাম মহানগর যুবলীগের কর্মী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ভোরে রাইফেল ক্লাবের সামনে যুবলীগের কয়েকজন কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
