নতুন সরকার ‘মব’ চালিয়ে পদ থেকে সরানোর চেষ্টা করছে, অভিযোগ বাসস এমডি মাহবুব মোর্শেদের

নতুন সরকার ‘মব’ চালিয়ে পদ থেকে সরানোর চেষ্টা করছে, অভিযোগ বাসস এমডি মাহবুব মোর্শেদের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।

তার দাবি, সরকার ‘মব’ সৃষ্টি করে তাকে পদ থেকে অপসারণের চেষ্টা চালাচ্ছে।

এই পোস্ট করার কিছুক্ষণ পরই তা সোশ্যাল মিডিয়া থেকে অপসারণ (ডিলিট) করা হয়েছে বলে জানা গেছে।

মাহবুব মোর্শেদের এই অভিযোগ সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, যদিও পোস্টটি আর দৃশ্যমান না থাকায় তার বিস্তারিত বিষয়বস্তু নিশ্চিত করা যায়নি।

মাহবুব মোর্শেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে তীব্র সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তাকে ২০২৪ সালের ১৭ই আগস্ট বাসস-এর সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়, যা অনেকের কাছে ‘পুরস্কার’ হিসেবে বিবেচিত হয়েছে। তিনি সাংবাদিকতার পাশাপাশি কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত।

এদিকে, বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে গত কয়েক মাসে সাংবাদিক সংগঠনগুলো থেকে একাধিক অভিযোগ উঠেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) তার অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিহিত করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও আল্টিমেটাম দিয়েছে। এসব ঘটনা ২০২৫ সালের শুরু থেকে চলমান।

তবে নতুন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত মাহবুব মোর্শেদের অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা অপসারণের সিদ্ধান্ত জানানো হয়নি।

এ ঘটনা বাসসের অভ্যন্তরীণ পরিবেশ ও সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-অপসারণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, এ ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগ সাংবাদিকতা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

Visited 34 times, 1 visit(s) today