ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির শঙ্কা

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির শঙ্কা
শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এই দ্বৈরথকে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই বাগড়া দিচ্ছে প্রকৃতি। কালো মেঘ আর বৃষ্টির সম্ভাবনা এখন ম্যাচের সবথেকে বড় আলোচনার বিষয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কলম্বোতে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিকেল ও সন্ধ্যার শুরুর দিকে দফায় দফায় বৃষ্টি হতে পারে। এতে টস বিলম্বিত হওয়ার পাশাপাশি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচের ওভার কমে আসার জোরালো শঙ্কা রয়েছে। এমনকি খেলা শুরুর আগে বৃষ্টি থামলেও কন্ডিশন এবং পিচের আচরণের ওপর এর বড় প্রভাব পড়তে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচের জন্য কোনো ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। ফলে বৃষ্টির কারণে যদি অন্তত পাঁচ ওভারের খেলাও সম্ভব না হয়, তবে দুই দলকেই পয়েন্ট ভাগ করে নিতে হবে।

অবশ্য মাঠের প্রস্তুতি নিয়ে আশাবাদী স্টেডিয়াম কর্তৃপক্ষ। আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পুরো মাঠ ঢেকে রাখার সরঞ্জামের দিক থেকে এই ভেন্যুটি এশিয়ায় অন্যতম সেরা। সাধারণত ভারী বৃষ্টি থামার এক ঘণ্টার মধ্যেই মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেন তারা।
ঐতিহাসিক এই লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীরা যখন হোটেল ও চড়া মূল্যের বিমানের টিকিট বুক করে কলম্বোয় ভিড় করছেন, তখন সবার চোখ এখন মাঠের চেয়ে আকাশের দিকেই বেশি।

Visited 7 times, 1 visit(s) today