বিশেষ প্রতিবেদক
নির্বাচনের আগে আকাশছোঁয়া আত্মবিশ্বাস, ক্ষমতা দখলের ঘোষণা আর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নির্ধারণ—সব মিলিয়ে জামায়াতে ইসলামি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের দাবি তুলেছিল।
তাদের বক্তব্যে বলা হচ্ছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা এককভাবে কিংবা জোটগতভাবে দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এমনকি আগামীর প্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অথবা জোটসঙ্গী এনসিপি নেতা নাহিদ ইসলামের নামও প্রকাশ্যে উচ্চারিত হয়। কিন্তু ভোটের মাঠে বাস্তব চিত্র সেই গর্জনের সঙ্গে একেবারেই সাযুজ্যপূর্ণ হয়নি।
ভোটের দিন ও তার আগের সময়জুড়ে মাঠপর্যায়ে দেখা যায়, জামায়াতের নিজস্ব কর্মী–সমর্থকদের উপস্থিতি ছিল সীমিত। বহু কেন্দ্রে তাদের কোনো দৃশ্যমান সাংগঠনিক তৎপরতা চোখে পড়েনি। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটিকে কাজে লাগিয়ে জামায়াত ও তাদের জোট কিছু আসনে জয় পেলেও সেই সাফল্য মূলত জোটগত সমঝোতা এবং কিছু এলাকায় বিএনপির প্রার্থিতা বা কার্যত ছাড় দেওয়ার ফল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন।
স্বতন্ত্র শক্তি হিসেবে ভোটের মাঠে জামায়াতের জনপ্রিয়তা যে প্রত্যাশার ধারেকাছেও নেই, তার ইঙ্গিত মিলেছে ভোটার উপস্থিতিতেও। বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে ভোটার আগ্রহ ছিল চোখে পড়ার মতো কম। ভোটারদের বড় একটি অংশ নির্বাচন প্রক্রিয়া থেকেই নিজেদের সরিয়ে রেখেছে। এই অনাগ্রহ শুধু সামগ্রিক নির্বাচন নিয়েই নয়, জামায়াতের রাজনীতির প্রতিও যে এক ধরনের প্রত্যাখ্যান—সেই বার্তাই উঠে আসছে মাঠপর্যায়ের তথ্য ও ভোটের চিত্রে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগবিহীন একটি নির্বাচনে জামায়াত যে ফলাফল পেয়েছে, সেটিকে প্রকৃত জনসমর্থনের প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি একটি সীমিত পরিসরের, পরিস্থিতিনির্ভর সাফল্য—যেখানে সাংগঠনিক শক্তির চেয়ে রাজনৈতিক সমঝোতা ও প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতিই বড় ভূমিকা রেখেছে।
নির্বাচনের আগে যে দল সরকার গঠনের দাবি করেছিল, ভোটের পর তাদের সামনে দাঁড়িয়ে গেছে কঠিন প্রশ্ন—জামায়াত কি আদৌ বাংলাদেশের গণভিত্তিক রাজনীতিতে আর কার্যকর শক্তি? ভোটের মাঠে যে নীরব বয়কট ও অনাগ্রহ দেখা গেছে, তা অনেকের চোখে তাদের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে।
ক্ষমতাসীন জোটের একজন সিনিয়র নেতা বলেন, নির্বাচনের আগে যাদের বক্তব্যে মনে হচ্ছিল তারা একাই সরকার গঠন করবে, ভোটের দিন দেখা গেল তাদের কর্মীই মাঠে নেই। জনগণ কাউকে মুখে নয়, ভোটে গ্রহণ করে—এই নির্বাচন সেটাই প্রমাণ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের ভাষ্য, ভোটার উপস্থিতিই বলে দিচ্ছে জনগণ কাকে গ্রহণ করেছে, কাকে করেনি।
জামায়াতের দাবিকৃত গণভিত্তি নিয়ে প্রশ্ন তুলে জাতীয় পর্যায়ের এক বামপন্থী রাজনৈতিক নেতা বলেন, যে দল নিজেদের সরকার গঠনের যোগ্য মনে করে, তাদের কর্মী–সমর্থক ভোটকেন্দ্রে থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক জায়গায় জামায়াত ছিল কাগজে, মাঠে নয়।
সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামির জন্য ক্ষমতার সিঁড়ি নয়, বরং নিজেদের সীমাবদ্ধতা আর বাস্তব শক্তির পরিমাপ হয়ে দাঁড়িয়েছে—যেখানে গর্জন যতটা ছিল, বর্ষণ তার ধারেকাছেও পৌঁছায়নি।
