নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনের চলমান ভোটগ্রহণের মাঝেই দেশের বিভিন্ন এলাকায় ভোটাররা ব্যালট পেপারে লিখছেন, “নৌকা ছাড়া কিসের ভোট”, প্রকাশ করছেন তাদের প্রতীকী অসন্তোষ। একইসাথে ব্যালটে নৌকা প্রতীক এঁকে, জয় বাংলা লিখে তার ওপর সিল দিয়েও জানিয়েছেন অসংখ্য সমর্থক তাদের নির্বাচন বর্জনের অবস্থান।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়া এবং ব্যালটে ঐতিহ্যবাহী দলীয় প্রতীক অনুপস্থিত থাকায় সমর্থকরা এই পথ বেছে নিচ্ছেন।
নেতাকর্মীরা বলছেন, “অনেকে মনে করছেন, তাদের রাজনৈতিক পরিচয় ব্যালটে নেই। তাই তারা ব্যালটে লেখা মাধ্যমে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।”
তাদের ভাষ্য, এটি কোনো সংগঠিত কর্মসূচি নয়; বরং কিছু সমর্থকের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছে, ব্যালট পেপারে নির্ধারিত প্রতীকের বাইরে কিছু লেখা হলে ভোট বাতিল হয়। নির্বাচন কর্মকর্তারা ভোটারদের নিয়ম মেনে ভোট দেওয়ার জন্য সতর্ক করেছেন।
নির্বাচন বিশ্লেষকরা মনে করাচ্ছেন, দীর্ঘদিন ধরে ভোটারদের মধ্যে একটি নির্দিষ্ট প্রতীকের সঙ্গে আবেগগত সংযোগ তৈরি হলে প্রতীক অনুপস্থিত থাকলে প্রতীকী প্রতিবাদ দেখা দিতে পারে। তবে এর প্রভাব সামগ্রিক ফলাফলে কতটা পড়বে, তা নির্ভর করছে ভোটার উপস্থিতি ও স্থানীয় রাজনৈতিক বাস্তবতার ওপর।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের একজন সিনিয়র নেতা বলেন, “আমাদের কর্মী-সমর্থকরা জানেন, নৌকা ছাড়া ভোট অর্থহীন। তাছাড়া আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে ভোট বর্জনের। অথচ ভোটকেন্দ্রে না গেলে অনেকেই স্থানীয় পর্যায়ে প্রতিহিংসার শিকার হতে পারেন। সেই ঝামেলা এড়াতেই অনেকেই বাধ্য হচ্ছেন ভোটকেন্দ্রে যেতে। তবে কেন্দ্রে গেলেও ভোট দেননি তারা অন্য প্রতীকে। এভাবেই তারা ভোট বর্জন করেছেন।”

