পটুয়াখালী-১ আসনের নেছারিয়া বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন

পটুয়াখালী-১ আসনের নেছারিয়া বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন
শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পটুয়াখালী-১ আসনের একটি ভোটকেন্দ্র এটি।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত বিদ্যালয় ভবনের নিচতলার একটি কক্ষের জানালা দিয়ে দুর্বৃত্তরা টায়ারে আগুন ধরিয়ে দেয়। পাশের মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় মুসল্লিরা হঠাৎ আগুন দেখতে পান।

স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম জানান, আগুন দেখতে পেয়ে মুসল্লিরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সম্মিলিতভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ভোটের আগে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ফেরদৌস আলমের।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বলেন, “রাত ৯টার দিকে কে বা কারা ভোটকেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

Visited 24 times, 1 visit(s) today