নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশী অপারেটরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এখনও উচ্চ আদালতে বিচারাধীন। বিভক্ত রায়ের কারণে বিষয়টির আইনি অবস্থান স্পষ্ট নয়। তবু এ অনিশ্চয়তার মধ্যেই অন্তর্বর্তী সরকার নজিরবিহীন দ্রুততায় কনসেশন চুক্তি সম্পাদনের দিকে এগোচ্ছে।
সংশ্লিষ্ট নথি বলছে, আগামী ১লা ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের সময়সূচি বিশ্লেষণে দেখা যায়, মাত্র ১২ দিনের মধ্যে দরপত্র সংশোধন থেকে শুরু করে টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল মূল্যায়ন, দরকষাকষি, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে—যা বন্দর খাত সংশ্লিষ্টদের ভাষায় “বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ”।
সংশোধিত টাইমলাইন অনুযায়ী, টেকনিক্যাল বিড মূল্যায়নের জন্য রাখা হয়েছে মাত্র একদিন। অথচ এ ধরনের বড় প্রকল্পে অপারেশনাল সক্ষমতা, বিনিয়োগ পরিকল্পনা, ঝুঁকি বণ্টন, আইনি কাঠামোসহ একাধিক জটিল বিষয় খতিয়ে দেখা হয় বিস্তারিতভাবে।
পরদিনই নির্ধারিত হয়েছে ফাইন্যান্সিয়াল বিড মূল্যায়ন। অর্থাৎ সরকারের সম্ভাব্য রাজস্ব আয়, ট্যারিফ কাঠামো, বিনিয়োগ প্রতিশ্রুতি ও আর্থিক ঝুঁকি—সব বিশ্লেষণের জন্য সময় ধরা হয়েছে ২৪ ঘণ্টা।
এরপর মাত্র দুই দিনে ফাইন্যান্সিয়াল মডেল ও কনসেশন চুক্তির শর্ত নিয়ে দরকষাকষি শেষ করার পরিকল্পনা রয়েছে। একই সময়ের মধ্যে সিপিএ বোর্ডের অনুমোদন নেওয়ার কথাও বলা হয়েছে।
নেগোসিয়েশন শেষ হওয়ার পরদিনই চুক্তির খসড়া পাঠানোর কথা আইন মন্ত্রণালয়ে। একই দিনে আইডিআরএ, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মতামত নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরদিনই সব ভেটিং ও মতামত সম্পন্ন হবে—এমনটাই ধরা হয়েছে সময়সূচিতে।
সংশ্লিষ্টরা বলছেন, বাস্তবে যেখানে এসব প্রক্রিয়ায় সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, সেখানে একদিনে সব শেষ করার পরিকল্পনা “অস্বাভাবিক”। সবশেষে ১লা ফেব্রুয়ারি একই দিনে সিসিইএ অনুমোদন, লেটার অব অ্যাওয়ার্ড এবং চুক্তি স্বাক্ষরের লক্ষ্য ধরা হয়েছে।
এনসিটি বিদেশী প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে গত বছর হাইকোর্ট বিভক্ত রায় দেন। বিষয়টি এখনো চূড়ান্ত নিষ্পত্তি পায়নি। এ অবস্থায় চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া আদালত অবমাননার শামিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনকর্মীরা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারাধীন একটি সংবেদনশীল ও কৌশলগত প্রকল্প তড়িঘড়ি ও গোপনীয়ভাবে এগিয়ে নেওয়া গ্রহণযোগ্য নয়।
তার মতে, নির্বাচনকালীন সরকারের উচিত ছিল বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি আরএফপি ও কনসেশন চুক্তির নথি যাচাইয়ের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি বাতিল করা হয়।
বন্দর ও মন্ত্রণালয়সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ঊর্ধ্বতন পর্যায়ের চাপেই কমিটিটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ নথিগুলো স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ আর থাকেনি।
চট্টগ্রাম বন্দরের সাবেক পর্ষদ সদস্য মো. জাফর আলম বলেন, আন্তর্জাতিক অপারেটর যুক্ত করা বিশ্বজুড়ে স্বীকৃত চর্চা। তার ধারণা, অন্তর্বর্তী সরকার হয়তো মনে করছে এখন সিদ্ধান্ত না নিলে পরবর্তী সরকার তা আর এগিয়ে নাও নিতে পারে।
বন্দরসংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল—যা সরাসরি জাতীয় অর্থনীতি ও বাণিজ্য প্রবাহে প্রভাব ফেলে—তার ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া যদি এত দ্রুত, সীমিত যাচাইয়ে এবং আইনি অনিশ্চয়তার মধ্যে সম্পন্ন হয়, তবে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
বিশেষ করে টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল মূল্যায়নের জন্য মাত্র একদিন করে সময় নির্ধারণ এবং এক সপ্তাহের মধ্যে সব সরকারি অনুমোদন শেষ করার পরিকল্পনা পুরো প্রক্রিয়াকে আরও বিতর্কিত করে তুলেছে।
বন্দরসংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এ তাড়াহুড়ো শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে রাষ্ট্রের কৌশলগত ও আর্থিক স্বার্থকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
