নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেছেন, যেভাবে শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলা হচ্ছে, বয়স ও অবস্থানের কারণে তার জবাব দেওয়া আমার পক্ষে সমীচীন নয়।
তিনি বলেন, তারা যা-ই বলুক না কেন, এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না। কারণ, জয় নিয়ে নিরাশ হলে কেউই মাঠে কাজ করে না।
তিনি নিজেও জয়ের বিষয়ে আশাবাদী বলে জানান।
মির্জা আব্বাস বলেন, আমি অতীতে প্রতিটি সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হয়েছি। এবারও যদি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ইনশাআল্লাহ আমি আবারও জয়লাভ করব।
রাষ্ট্রের প্রধান যখন প্রকাশ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির দিকে ইঙ্গিত করে আব্বাস বলেন যে তারা জয়ী হয়ে আসবেন, তখন সেটার অর্থ দাঁড়ায়—তাদের জেতানোর চেষ্টা করা হবে।
চাইলে অনেক বিষয় প্রকাশ্যে বলতে পারেন, কিন্তু আপাতত তা করবেন না। তবে প্রয়োজনে তিনি প্রমাণ করতে পারবেন যে সরকারের একটি মহল কিছু নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করছে, জানান তিনি।
আজ ২২শে জানুয়ারি, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল ও পুরাতন রমনা থানা জামে মসজিদসংলগ্ন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও জানান, তিনি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে শঙ্কিত।
তার ভাষায়, সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করতে পারে। এতে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, তা এখনই বলা যাচ্ছে না, তবে এমন চেষ্টা যে থাকবে, তা তিনি মনে করেন।
তবু কর্মীদের মনোবল দেখে তিনি আশাবাদী যে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে।
নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ইচ্ছাকৃতভাবেই তাকে উত্তেজিত করার মতো কথা বলা হচ্ছে।
তবে তিনি মনে করেন, তার প্রতিক্রিয়া জানানোর বয়স আর নেই।
তিনি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার ছেলের থেকেও বয়সে ছোট। তাই তিনি বিষয়টিকে নিজের ছেলের দুষ্টামির মতোই দেখছেন এবং সেভাবেই গ্রহণ করছেন।
