বিসিবির ‘রাজনীতিতে’ নেই সৈকত, ভারতে নির্বিঘ্নে করছেন আম্পায়ারিং

বিসিবির ‘রাজনীতিতে’ নেই সৈকত, ভারতে নির্বিঘ্নে করছেন আম্পায়ারিং
শেয়ার করুন

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। শুধু খেলোয়াড় নয়—দর্শক, সাংবাদিক ও আম্পায়ারসহ সকল বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল তারা। তবে বিসিবির এমন অবস্থানের সঙ্গে সম্পৃক্ত হননি বাংলাদেশের একমাত্র এলিট প্যানেল

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত-নিউজিল্যান্ড সিরিজ পরিচালনার জন্য বর্তমানে তিনি ভারতের ভাদোদরায় (বারোদা) অবস্থান করছেন।
গুজরাটের ভাদোদরায় আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। সেখানে টিভি আম্পায়ার হিসেবে কাজ করছেন শরফুদ্দৌলা সৈকত। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের কেএন পদ্মানাভান ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।

১৪ ও ১৮ জানুয়ারি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে রাজকোট ও ইন্দোরে অনুষ্ঠিত হবে। ওই দুই ম্যাচের অন্তত একটিতে মাঠের আম্পায়ার হিসেবেও সৈকতকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসির এলিট প্যানেলে প্রবেশের পর থেকেই নিয়মিত নিরপেক্ষ ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন তিনি। এই আম্পায়ার সর্বশেষ অ্যাশেজ সিরিজেও দক্ষতার সঙ্গে আম্পায়ারিং করেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেশ কিছু ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত।

এদিকে, মোস্তাফিজুর রহমান ইস্যুটি এখন রাজনৈতিক মোড় নিয়েছে। ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার দাবি জানানোর পর এক ধরণের অচলাবস্থা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আইসিসি ভেন্যু বদল করতে রাজি না হলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বিসিবি। সেক্ষেত্রে তাদের হয় কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, নতুবা বিশ্বকাপ বর্জন করতে হবে।

তবে বিসিবি যখন নিরাপত্তার প্রশ্ন তুলছে, ঠিক সেই সময়েই বাংলাদেশি আম্পায়ারের ভারতে নির্বিঘ্নে কাজ করা ক্রিকেট বোর্ডের দাবিকে কিছুটা নাজুক অবস্থায় ফেলবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

Visited 18 times, 1 visit(s) today