জেলা প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে সাব-রেজিস্ট্রার অফিসের পাশ থেকে হাত বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার বেলা ১১টার দিকে ওই অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে ওই যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় এক দোকানি জানান, গত দুদিন আগে গভীর রাত পর্যন্ত এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন অনেকেই। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মরদেহটি তার হতে পারে। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে দেওয়া হয়েছে মরদেহ।
সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২০-২৫ বছরের মধ্যে। তার হাত বাঁধা ছিল এবং মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
এদিকে, লাশ উদ্ধারের খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
