নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বলে এখন পর্যন্ত নিশ্চিত খবর। এরই ধারাবাহিকতায় আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন বলে জানিয়েছে দলীয় কার্যালয় সূত্র।
একইসাথে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমানও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২৫শে ডিসেম্বর বুধবার দুপুর পৌনে ১২টায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। তার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তা এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গতকাল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখানে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রি. জে. (অব.) শামসুল ইসলাম।
এসময় তারা বিমানবন্দরের প্রটোকল, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
বিএনপি সূত্র আরও জানিয়েছে, বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় তারেক রহমানের সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। কর্মসূচি সফল করতে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, এক-এগারোর সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিরূপ পরিস্থিতিতে দেশ ছাড়েন তারেক রহমান। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর তারেক রহমানের দেশে ফেরার খবরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা জেগেছে।
