জার্মান সেনাবাহিনীর হাজার হাজার রাউন্ড গোলাবারুদ ট্রাক থেকে চুরি

জার্মান সেনাবাহিনীর হাজার হাজার রাউন্ড গোলাবারুদ ট্রাক থেকে চুরি
শেয়ার করুন

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর বুর্গে সেনাবাহিনীর একটি গোলাবারুদের চালান ডেলিভারি ট্রাক থেকে চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কত গোলাবারুদ চুরি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জার্মান গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রায় ২০,০০০ রাউন্ড গুলির সমপরিমাণ অস্ত্রসামগ্রী নিখোঁজ।

২৫ নভেম্বর রাতে সামরিক বাহিনীর ঠিকাদার হিসেবে কাজ করা একটি বেসামরিক পরিবহন কোম্পানির চালক ট্রাকটি একটি অরক্ষিত পার্কিং লটে রেখে কাছের হোটেলে অবস্থান করেন। পরদিন ক্লাউজেভিৎস ব্যারাকে পৌঁছানোর পর দেখা যায়, ট্রাকে থাকা গোলাবারুদ উধাও।

ডের শ্পিগেলসহ বিভিন্ন জার্মান মাধ্যম জানিয়েছে, নিখোঁজ চালানে ছিল ১০,০০০ রাউন্ড লাইভ পিস্তল বুলেট, ৯,৯০০ রাউন্ড অ্যাসল্ট রাইফেলের জন্য ব্ল্যাঙ্ক বুলেট এবং স্মোক গ্রেনেড। কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো নিশ্চিত নয় এবং কাউকে গ্রেপ্তারের কথাও জানানো হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি—এ ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া খুবই ঝুঁকিপূর্ণ।” সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

জার্মানির পাবলিক ব্রডকাস্টার এমডিআর জানিয়েছে, তদন্তের মূল দৃষ্টিকোণ হবে কেন চালক নিরাপদ স্থানে ট্রাকটি থামানোর উদ্যোগ নেননি। তারা আরও জানায়, এ ধরনের পরিস্থিতিতে চালকদের জন্য একটি বিশেষ হটলাইন রয়েছে এবং প্রয়োজন হলে সেনাবাহিনী নিরাপত্তা এসকর্টও দিতে পারে।

এমডিআর-এর প্রতিবেদনে বলা হয়, চালক ট্রাকটি অরক্ষিত অবস্থায় রেখে রাতটি হোটেলে কাটিয়েছিলেন।

সাক্সনি-আনহাল্ট অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। আগস্টে বার্নবুর্গে স্থানীয় পুলিশ ৯০ রাউন্ড গোলাবারুদ নিখোঁজ হওয়ার কথা জানায়, এর কয়েক সপ্তাহ আগে আইসলেবেনে ১৮০ রাউন্ড হারানোর খবর পাওয়া যায়। তবে এসব ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Visited 4 times, 1 visit(s) today