জেলা প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
গতরাতে নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে জ্যোতি চাকমা এনসিপি ছাড়ার কারণ হিসেবে ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করেছেন।
ফেসবুকে জ্যোতি চাকমা লিখেছেন, আমি, বিপিন জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, রাঙামাটি পার্বত্য জেলা, ব্যাক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।
তবে এ প্রসঙ্গে জানতে বিপিন জ্যোতি চাকমার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তিনি কল কেটে দেন।
এর আগে, চলতি বছরের গত ১৪ই নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেন রাঙামাটি এনসিপির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগের ১৬ দিনের মাথায় এবার প্রধান সমন্বয়কারীও ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ই এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য আখতার হোসেনের সইয়ে রাঙামাটি জেলা এনসিপির ২৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। জেলা সমন্বয় কমিটি গঠনের ছয় মাসের মধ্যেই দলটিতে নেতাকর্মীদের বিভেদের গুঞ্জন শোনা যায়। এরমধ্যে নভেম্বরে প্রধান সমন্বয়কারীসহ দল ছাড়লেন শীর্ষ নেতৃত্বের দুজন।
