‘মব’ ভাইরাসে অতিষ্ঠ দেশবাসী: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

‘মব’ ভাইরাসে অতিষ্ঠ দেশবাসী: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ যেন ক্রমেই ‘মবের দেশ’এ পরিণত হচ্ছে। দেশে ‘মব ভাইরাসের’ মতো অবস্থা সৃষ্টি হয়ে সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। মানুষ অসহায় অবস্থায় আছে।

সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, মব ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ আজ অতিষ্ঠ। অরাজকতা, উত্তেজনা ও দলীয় সহিংসতা এখন সাধারণ মানুষের শান্তি কেড়ে নিচ্ছে। এই পরিস্থিতিতে শান্তির বার্তা পৌঁছে দিতেই আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক অঙ্গনে এসেছে।

তিনি জানান, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি সুফিবাদী ও শান্তিপ্রিয় সংগঠন, যাদের অনুসারীরা কাউকে জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না এবং সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।
মুফতি তাহেরী বলেন,

এবার ভোটে যেন আমরা ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকেন, তবে আগামী সরকার আমরা গঠন করতে পারবো।
তিনি জানান, বৃহত্তর সুন্নি জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও যোগ করেন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে শান্তিপ্রিয় মানুষের উচিত সুন্নি জোটকে বিজয়ী করা। জাতিকে মব সংস্কৃতি থেকে রক্ষা করতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে।

এ সময় বিমানবন্দরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Visited 14 times, 1 visit(s) today