পপি সিড এর পর এবার বাংলাদেশে রপ্তানির জন্য আন্তর্জাতিক বাজার থেকে চাল কিনছে পাকিস্তান

পপি সিড এর পর এবার বাংলাদেশে রপ্তানির জন্য আন্তর্জাতিক বাজার থেকে চাল কিনছে পাকিস্তান
শেয়ার করুন

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশে সরবরাহের জন্য আন্তর্জাতিক বাজার থেকে ১ লাখ টন চাল কিনতে দরপত্র আহ্বান করেছে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০ নভেম্বর জারি করা টেন্ডার অনুযায়ী মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট। টেন্ডারের আওতায় করাচি বন্দর দিয়ে ‘ব্রেক বাল্ক কার্গো’ আকারে বাংলাদেশে রপ্তানির জন্য এক লাখ টন লম্বা দানার সাদা চাল (ইরি-৬) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব প্রতিষ্ঠান ও একক মালিকদের কাছ থেকে সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে।

দরপত্র জমা দেওয়ার পর মূল্য প্রস্তাব ২১ কর্মদিবস পর্যন্ত বৈধ থাকতে হবে। চুক্তি হওয়ার ৪৫ দিনের মধ্যে চাল জাহাজে ওঠানোর মতো প্রস্তুত রাখতে হবে বলেও শর্তে উল্লেখ রয়েছে।

টেন্ডার শর্ত অনুযায়ী, পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকেই চাল সরবরাহ করতে হবে। চালের মধ্যে কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ বা পোকামাকড়ের চিহ্ন থাকা যাবে না এবং তা মানবভোগের উপযোগী হতে হবে।

চলতি বছর ফেব্রুয়ারিতে দুই দেশ প্রথমবারের মতো সরকার পর্যায়ে সরাসরি বাণিজ্যের মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানি করে। কয়েক দশক ধরে টানাপোড়েন থাকা সম্পর্কের উন্নতি হয় ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর। এরপর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে বিপুল পরিমাণ পপি সিড (হেরোইন উৎপাদনের জন্য পপি ফুলের বীজ) ধরা পড়েছে, যা ঘোষণায় পোল্ট্রি ফিড হিসেবে আমদানি করা হয়েছিল।

বিস্তারিতঃপাকিস্তানি পণ্যে ‘ইন্সপেকশন ছাড়’: ইউনূস সরকারের মদদে ঢুকছে অবৈধ দ্রব্য, ধরা পড়ল হেরোইন উৎপাদনের পপি বীজ

Visited 13 times, 1 visit(s) today