ফেনীতে যুবদল নেতা দুই ভাইয়ের ছুরিকাঘাতে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

ফেনীতে যুবদল নেতা দুই ভাইয়ের ছুরিকাঘাতে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মামলার তদন্তে গিয়ে যুবদল নেতাদের ছুরিকাঘাতে এক উপ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ ১৪ই নভেম্বর, শুক্রবার সকাল ১১টার দিকে জেলার পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। জড়িতদের বিরুদ্ধে মামলার হচ্ছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি।

পুলিশ জানায়, শেফালী আক্তার নামের এক নারীকে উত্ত্যক্ত ও মারধর করার ঘটনায় কোলাপাড়া গ্রামের বন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে উপজেলা যুবদলের সদস্য ফয়সাল হোসেন ও পৌর যুবদলের সদস্য রাজিব হোসেনের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পরশুরাম থানার এসআই মুন্না দে’র নেতৃত্বে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বাদি-বিবাদি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করেন।

এক পর্যায়ে ফারুক হোসেন ও তার দুই ছেলে ফয়সাল এবং রাজিব ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পরশুরাম থানার এসআই মুন্না, কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল ছুরিকাহত হন।

রেজাউল করিম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের ঘটনা শুনে মীমাংসার চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে তারা।

আহত উপ পরিদর্শক (এসআই) মুন্না দে বলেন, “শেফালী আক্তারের অভিযোগের তদন্ত চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।”

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, অভিযোগ তদন্তে ঘটনাস্থল গিয়ে আসামি পক্ষের ছুরিকাঘাতে এসআইসহ তিন পুলিশ সদস্য। এ ব্যাপারে মামলার প্রস্তুতি ও হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Visited 17 times, 1 visit(s) today